আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী: মিলন
যশোর প্রতিনিধি :
আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা এগারটায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী। এরপর বিকেল তিনটায় তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি প্রথম একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণে (অ্যাক্রেডিটেশন) একসাথে ১৪ টি বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোঃ তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দীন আহম্মেদ, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ডক্টর মো. জাহাঙ্গীর আলম।