অনলাইন ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
সকালে পান্তা ভাতের আয়োজনের মাধ্যমে দিনের সূচনা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে মুক্ত মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করে। এতে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।