অনলাইন ডেস্ক | নওগাঁ | 

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি আমগাছ থেকে হাসান মিয়া ওরফে বাবু (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের মো. রফিকুল ইসলাম শম্ভুর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া ও হোসাইন জমজ দুই ভাই। বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান হাসান। তবে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জমজ দুই ভাইয়ের মধ্যে একজনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুই ভাই একসঙ্গে চলাফেরা করতেন এবং তাদের চেহারায়ও মিল থাকায় এলাকায় তারা পরিচিত ছিলেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।