অনলাইন ডেস্ক :

যশোর শহরের মুরুলি এলাকায় ট্রাকের বডিতে ঝালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা এবং মমিনুর রহমান বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুরুলি এলাকার একটি গ্যারেজে ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন তিনি। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।