কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁ/জাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৩, রংপুর।

র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁ/জা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক/দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদ/কের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।