অনলাইন ডেস্ক :

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় সরকারি (খাস) জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পশু চিকিৎসক মোঃ কামরুল ইসলামের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে, যা ক্রয় করেছেন স্থানীয় ব্যক্তি মোঃ মন্টু শেখ।
অভিযোগ রয়েছে, সম্প্রতি রাতের আঁধারে পুনরায় মাটি কাটা শুরু হয়েছে। এলাকাবাসী জানায়, এর আগে রমজান মাসেও একই কার্যক্রম শুরু হলেও সাংবাদিকদের উপস্থিতির কারণে তা বন্ধ রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমিটি ইতোমধ্যে সরকারি খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে পাচবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, “বর্তমান নিয়ম অনুযায়ী খাস জমি থেকে মাটি কাটা বা বিক্রি করার অধিকার শুধুমাত্র সরকারের, অন্য কেউ তা করতে পারে না।”
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আরও দাবি করেন, কেউ বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের প্রতিও অসদাচরণ ও হুমকি দেওয়া হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসাইন বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। তথ্য পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।