অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি প্রশাসনিক ভুলের কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী জান্নাতি খাতুন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি পরিশোধ করে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন তিনি। পুরো বছরজুড়ে নিয়মিত পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন।
জানা যায়, গত সোমবার প্রবেশপত্র সংগ্রহ করতে বিদ্যালয়ে গেলে তিনি দেখতে পান, সহপাঠীদের প্রবেশপত্র এলেও তারটি আসেনি। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতির ভালো ফলাফলের আশায় তাকে রংপুরের একটি ভালো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তা অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ বিষয়ে জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, “আমার বোনের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু একটি প্রশাসনিক ভুলে সে পরীক্ষায় অংশ নিতে পারল না।”
অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বিষয়টি স্বীকার করে বলেন, “এটি আমার ভুল হয়েছে। আমি শিক্ষার্থীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং বিষয়টি সংশোধনের জন্য বোর্ডে যোগাযোগ করা হয়েছে।”
ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয়রা।