অনলাইন নিউজ:
পঞ্চগড়ে গ্রীষ্মকাল শুরু হতেই হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী। বিভিন্ন বয়সী শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন এ রোগে। প্রতিদিনই জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগেও শত শত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। প্রতি বছরের মতো এবারও মার্চ-এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার পাঁচ উপজেলার মধ্যে পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, এক মাস আগেও প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন রোগী ভর্তি হতো। তবে গত সাত দিনে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল ৩৫ জন, ১৬ এপ্রিল ৩৫ জন, ১৭ এপ্রিল ৩২ জন, ১৮ এপ্রিল ৩৩ জন, ১৯ এপ্রিল ৩৬ জন, ২০ এপ্রিল ৩৯ জন, ২১ এপ্রিল ৩৭ জন এবং ২২ এপ্রিল ৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
এছাড়া প্রতিদিন বহির্বিভাগে আরও ২০ থেকে ২৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে মহিলা, পুরুষ ও শিশু ওয়ার্ডে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে বেড সংকট দেখা দিয়েছে। ২০ থেকে ২২ জন শিশুর জন্য নির্ধারিত বেডে জায়গা না হওয়ায় অনেক পরিবার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, গরমে বিশুদ্ধ পানি পান, পরিষ্কার খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলেই ডায়রিয়া প্রতিরোধ সম্ভব।