অনলাইন ডেস্ক নিউজ:
রাজশাহী নগরীতে রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ৩০টি কাঠবাদাম গাছ কেটে ফেলা হয়েছে। রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের এক পাশজুড়ে থাকা ছায়াদানকারী গাছগুলো বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয় এবং রোববার শেষ তিনটি গাছ কাটার মাধ্যমে এ কাজ শেষ হয়।
জানা গেছে, ২০১০ সালের দিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি কাঠবাদাম গাছ রোপণ করেছিল। দীর্ঘ ১৬ বছরে এসব গাছ বড় হয়ে ছায়া ও ফল দিত। তবে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়ক সম্প্রসারণের প্রয়োজন দেখা দেওয়ায় গাছগুলো অপসারণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে এবং গাছের গুঁড়ি রাস্তার পাশে পড়ে আছে। এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে হতাশা দেখা যায়।
কলাবাগান এলাকার বাসিন্দা তুহিন আলী বলেন, যানবাহনের তেমন চাপ না থাকলেও অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হয়েছে বলে তিনি মনে করেন।
গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার মো. গাজী জানান, আটজন শ্রমিক চারদিন ধরে গাছ কাটার কাজ করছেন এবং নিলামে কিনে নেওয়া এক ব্যবসায়ীর তত্ত্বাবধানে কাজ চলছে।
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য গাছগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে রাস্তা সম্প্রসারণ, ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ এবং পরে নতুন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে পরিবেশবাদীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান বলেন, নতুন গাছ লাগানোর আশ্বাস দিয়ে পুরোনো গাছ কেটে ফেলা টেকসই সমাধান নয়, গাছ রেখেও উন্নয়ন সম্ভব।