কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি প্লাটুনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্লাটুনের বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান ও সাবেক ক্যাডেটরা।
প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট আবু বকর সিদ্দিক বলেন, ২০০৯ সালে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আজ ১৮তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এ পথচলায় যারা সংগঠনটিকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন তাদের অবদান স্মরণীয়।
বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনসিসির সকল পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক, ক্যাডেট ও এক্স-ক্যাডেটদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম বলেন, বিএনসিসি কুবি প্লাটুন দীর্ঘ ১৮ বছরে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। তিনি বলেন, এই সংগঠনের ধারাবাহিকতা ও সৌহার্দ্য ভবিষ্যতেও বজায় থাকবে এবং নতুন প্রজন্মের মাধ্যমে তা এগিয়ে যাবে।