অনলাইন ডেস্ক নিউজ :
পঞ্চগড় সদর উপজেলার আহামদ নগর এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অ্যাডভোকেট সোলায়মান হক নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট সোলায়মান হক পঞ্চগড় আদালতে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সদর উপজেলার আহামদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।