অনলাইন নিউজ | 

করতোয়া সেতুর ওপর চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় শহরের ব্যস্ততম করতোয়া সেতুর ওপর চলন্ত একটি হাইয়েস মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও বিচক্ষণতার কারণে মাইক্রোবাসে থাকা সকল যাত্রী নিরাপদে নামতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ (৩০ এপ্রিল, ২০২৬) দুপুরে করতোয়া সেতু অতিক্রম করার সময় হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন গাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং পুরো যানবাহনটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে সেতুর দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি সেতু থেকে সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।