বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের মধ্যে সমন্বয় জোরদার, শিক্ষার্থীদের মধ্যে আইন সচেতনতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ প্রতিরোধে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।