ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”