ডেস্ক রিপোর্ট:
পঞ্চগড় জেলার সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর একটি—সিনেমা হল থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ তৈরি হয়েছে, ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই গুরুত্বপূর্ণ সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে বৃষ্টি হলে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়, পানি জমে সৃষ্টি হয় মারাত্মক ঝুঁকি। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
এলাকাবাসী জানান, এটি পঞ্চগড় জেলার প্রাণকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সড়কটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ। তারা দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।