ডেস্ক রিপোর্ট:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাশে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। ১২-১৪ বছর বয়সী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ০২ মে বিকাল ৩:০০ টায় জেলা স্টেডিয়ামে।
জেলা প্রশাসন, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া শুধু শারীরিক সুস্থতা নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হবে বলে আয়োজকরা জানান।
তিনদিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে।