প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে হালুয়াঘাটে যুবক গ্রেফতার এলাকাবাসীর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ময়মনসিংহ হালুয়াঘাট:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুঁগাও গ্রামে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শাকুল সাংমা কে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কাল শনিবার (১০/০৫/২০২৬) প্রতিবেশী শাকুল সাংমা ওই প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করলে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাকুলকে গ্রেফতার করে।

এই ন্যাক্কারজনক ঘটনায় ছাতুঁগাও গ্রামসহ পুরো জুগলী ইউনিয়নে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল এবং গ্রামবাসীরা এই ঘটনাকে গ্রামের জন্য “চরম লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি নিষ্পাপ প্রতিবন্ধী শিশুর ওপর এমন বর্বরতা আদিম যুগের নৃশংসতাকেও হার মানায়।”

গ্রামবাসীর পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি আইনের ফাঁকফোকর দিয়ে যেন অপরাধী পার না পায়। দোষী শাকুল সাংমার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

হালুয়াঘাট থানা পুলিশ জানায়, আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার কার্যক্রম আইন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।