ঈদের ছুটিতে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, আইডি কার্ড সাথে রাখার নির্দেশ

বেরোবি প্রতিনিধি | 

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ছুটির সময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ মে, ২০২৬ তারিখ থেকে ০৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত ‘গ্রীষ্মকালীন অবকাশ’ ও ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও ক্যাম্পাস বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির দিনগুলোতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই বহিরাগতদের প্রবেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশেষ নির্দেশনা:

ছুটির এই দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের মূল শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিজ নিজ আইডেন্টিটি (আইডি) কার্ড সাথে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

প্রশাসন জানায়, উৎসবের ছুটিতে ক্যাম্পাস খালি থাকার সুযোগে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।