কুবি শিক্ষক অপহরণ মামলা: ঢাকা থেকে গাড়ি জব্দসহ গ্রেফতার ১

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত সাহাবুল শেখকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় এক দীর্ঘ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো গ-৩৯১৬৮৬) জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল। অপহরণকারীরা তাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালায় এবং জোরপূর্বক এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার পরদিন (৫ মার্চ) ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালায় কোটবাড়ী পুলিশ ফাঁড়ি ও সদর দক্ষিণ থানা পুলিশ। অভিযান শেষে আজ সকালে অভিযুক্ত সাহাবুলকে গ্রেফতার করে কুমিল্লায় নিয়ে আসা হয় এবং দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ন্যায়বিচারের দাবি ভুক্তভোগী শিক্ষকের:

গ্রেফতারের প্রতিক্রিয়ায় শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, “ঘটনার এতদিন পর একজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী এবং এই চক্রের বাকি সদস্যরা এখনো বাইরে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আমি প্রশাসনের কাছে সম্পূর্ণ ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ জানান, “শিক্ষকের দায়ের করা মামলার সূত্র ধরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সন্দেহভাজন এই আসামিকে আটক করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বলেন, “শিক্ষক অপহরণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। একজনকে গাড়ি ব্যাগেজসহ গ্রেফতার করা হয়েছে। এই চক্রের মূল হোতাসহ বাকি অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”