বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায়, থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি

 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

রোববার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমাম হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ বলেন, “আমরা সকল শিক্ষার্থী ও মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যথাসময়েই জামাত শুরু হবে। তবে আবহাওয়া কোনো কারণে প্রতিকূল রূপ নিলে মাঠের পরিবর্তে কেন্দ্রীয় মসজিদের ভেতরেই ঈদের জামাত সম্পন্ন করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

ক্যাম্পাসজুড়ে ঈদের আনন্দ ও বিশেষ আয়োজন

ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা।