বৃষ্টির হানা: নান্দাশে ঈদগাহের বদলে মসজিদে ২ দফায় ঈদের জামাত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
সারাদেশের মতো নওগাঁর পত্নীতলা উপজেলাতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে ঈদের দিন সকাল থেকেই টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে উন্মুক্ত মাঠের পরিবর্তে স্থানীয় জামে মসজিদে দুই দফায় ঈদের জামাত সম্পন্ন করতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত নান্দাশ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সকাল থেকেই শুরু হওয়া আকস্মিক বৃষ্টির কারণে খোলা মাঠে নামাজ আদায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মুসল্লিদের সুবিধার্থে দ্রুত নামাজ ঈদগাহ মাঠ থেকে নান্দাশ গ্রাম জামে মসজিদে স্থানান্তর করা হয়।
মসজিদে ধারণক্ষমতার চেয়ে মুসল্লি বেশি হওয়ায় ব্যবস্থাপনা কমিটির তাৎক্ষণিক সিদ্ধান্তে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পর পর দুটি পৃথক জামাতের আয়োজন করা হয়।
প্রকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত ধর্মপ্রাণ মুসল্লি এই জামাতগুলোতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
হঠাৎ তৈরি হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও মসজিদ কমিটির এমন দ্রুত ও গোছানো ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।