পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার (কবির মো. সামছুল আলম ফাইটার):

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। একই সাথে দুই সন্তানের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত দুই শিশু হলো—আসিফ ও সাথী। তারা স্থানীয় কেকুপাড়া এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান এবং স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল। আজ সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দুই ভাইবোনকে পাশাপাশি দাফন করা হয়েছে।

যেভাবে ঘটল এই হৃদয়বিদারক ঘটনা

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শিশু দুটির মা আছিয়া খাতুন একজন দিনমজুর। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে তিনি জীবিকার তাগিদে কাজে যান। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে রাতের দিকে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তলদেশ থেকে বোন সাথীর মরদেহও উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ের একটি গাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়।

‘মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন’

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক জানান:

“শিশু দুটির বাবা আগেই মারা গেছেন। তাদের মা আছিয়া খাতুন অনেক কষ্ট করে দিনমজুরের কাজ করে সন্তানদের লালন-পালন করছিলেন। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে তিনি এখন পুরোপুরি দিশেহারা ও গভীর শোকে ভেঙে পড়েছেন।”

পুলিশী পদক্ষেপ

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।