পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি | আব্দুল আজিজ

নওগাঁর পত্নীতলায় মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২ জুন) বিকাল ৩:০০ ঘটিকায় নজিপুর বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যৌথ সভাপতিত্ব ও অতিথি বৃন্দ

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ আবু হোরায়রা বিল্লা এবং নজিপুর পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ রানা-এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব মোঃ আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সনি ইসলাম (বাপ্পি) এবং পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান।

কর্মময় জীবনের ওপর আলোচনা ও শ্রদ্ধা

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। দেশ ও জাতির কল্যাণে, বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অসামান্য অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন বক্তারা।

বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।