দুর্ভোগের অন্য নাম আটোয়ারীর দোহশুহ রাস্তা: সংস্কারের আশায় হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় |
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দোহশুহ এলাকার প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। রানীগঞ্জ বাজার হতে দোহশুহ পর্যন্ত দীর্ঘ এই কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে হাঁটুসমান কাদা তৈরি হচ্ছে, যা পথচারীদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই পথে যাতায়াত করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় সড়কটি পুরোপুরি কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। এ অবস্থায় প্রায়ই ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাস্তার বেহাল অবস্থার কারণে রিকশা বা অটোচালকরা এই এলাকায় আসতে চান না; আসলেও দাবি করেন দ্বিগুণ ভাড়া।
কৃষকদের ভোগান্তি সবচেয়ে বেশি। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে গিয়ে তাদের গুণতে হচ্ছে বাড়তি মাশুল। একজন স্থানীয় বাসিন্দা আক্ষেপ করে বলেন, “ভোটের সময় সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ খবর রাখে না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ নেই, ভাঙা রাস্তার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।”
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু কেবলই মিলছে মিথ্যা আশ্বাস। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইলে তারা জানান, সড়কের বেহাল দশা সম্পর্কে তারা অবগত আছেন। সংস্কারের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুতই কাজ শুরু করা হবে।
তবে প্রশাসনের এমন আশ্বাসেও মন ভরছে না স্থানীয়দের। তাদের মতে, আশ্বাস নয়, তারা এখন এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি ও দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান।