জনসেবার মানোন্নয়নে গোদাগাড়ী প্রধান ডাকঘর পরিদর্শন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান

 রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোদাগাড়ী প্রধান ডাকঘর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় ডাক বিভাগের সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এমপি মজিবুর রহমান। তিনি দাপ্তরিক কাজের স্বচ্ছতা বজায় রাখা এবং সেবাপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য বলেন, “ডাক বিভাগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবামূলক প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশের এই যুগে ডাক বিভাগের সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষ যাতে দ্রুত এবং সহজে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।”

ডাকঘরের কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সভায় উপস্থিত কর্মীরাও তাদের কর্মপরিবেশ ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ডাকঘরের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি সেবার মান বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।