সম্মিলিত সাংবাদিক পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার (১২ জুন) বিকেলে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজনে সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনটির নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সর্বস্তরের জনসাধারণের জন্য উম্মুক্ত ছিল, যার ফলে সাংবাদিক ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন প্রাঙ্গণ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। আয়োজকরা জানান, সাংবাদিকতায় নতুন প্রজন্মের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নে এসএসপি নিরলসভাবে কাজ করে যাবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত সঙ্গীত ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সুন্দর ও সাবলীল আয়োজনের মধ্য দিয়ে বিকেলে এই পরিচিতি পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।