নাটোরের লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি: ১৪ দিনেও অধরা ডাকাত দল, আতঙ্ক ও ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | নাটোর
নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস’-এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৪ দিন পার হলেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত ডাকাত দলের কোনো সদস্যকে গ্রেপ্তার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মিল সংশ্লিষ্টদের মধ্যে যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনি চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন মিল কর্তৃপক্ষ।
গত ৩০ মে দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ৩৫-৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিতে মিলের ভেতরে প্রবেশ করে। তারা কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর প্রায় চার ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ট্রান্সফরমার, সাব-স্টেশনের দামি যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও ব্যাটারিসহ প্রায় ১ কোটি টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
মিলটির স্বত্বাধিকারী সাজিদ মল্লিক জানান, ঘটনার পর তিনি বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, “ডাকাতরা যা নিয়ে গেছে, তাতে আমি অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত হওয়ার পথে। মিলের প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”
তিনি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে দেশের সকল থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।”
দ্রুত সময়ের মধ্যে এই বড় ধরনের ডাকাতির রহস্য উন্মোচন এবং অপরাধীদের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সচেতন মহল ও মিলের ভুক্তভোগী পরিবারগুলো।