জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ ২ জন
গ্রেপ্তার
জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে ৪২ কেজি গাঁজা সহ খোদেজা বেগম(৪০) ও মোছাঃ বুলবুলি (৫৮) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব। তিনি জানান, মরহুম শাহজাহান এর ছেলে শামছুল হুদা সেলিম (৬০) এর হাফ বিল্ডিং বাসায় ভাড়া নিয়ে শেরপুর থানার কুসুমহাটি (কৃষ্ণপুর উত্তরপাড়া) এলাকার মৃত হাশর আলীর মেয়ে ও মো: শাহ আলীর স্ত্রী খোদেজা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় খোদেজা বেগম এর কক্ষ তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে মোড়ানো ৪২ (বিয়াল্লিশ) কেজি কথিত গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। যার অবৈধ বাজারমূল্য ৮,৪০,০০০ (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা মরহুম আজগর আলীর মেয়ে মোছাঃ বুলবুলি (৫৮)কে শহরের দয়াময়ী মোড় থেকে গ্রেপ্তার করা হয়। ওসি নাজমুস সাকিব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলেন বলে স্বীকার করেন।জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। এছাড়াও তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলমান রয়েছে ।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাজা ও ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশের টিম। জামালপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার প্রত্যেকটি থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। জামালপুর জেলা পুলিশ মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনকারী এবং মাদক কারবারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করছে।
এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, যা মাদক বিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। মাদক মুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা জনগণের সহযোগিতায় মাদক চক্রের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।