কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে এজেন্সি বিল্ডিং কর্মশালা

বিশেষ প্রতিনিধি:মোঃ আলমগীর হোসাইন

যুব সমাজকে দক্ষ, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে এজেন্সি বিল্ডিং কর্মশালা। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুবদের কার্যকর যোগাযোগ বৃদ্ধি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় ভূমিকা জোরদারের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) পরিচালিত সিএনবি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে নির্বাচিত ১৮ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন।

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর প্রকল্প সমন্বয়কারী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন এবং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান।

কর্মশালায় যুবদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়মূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এমজেএসকেএস-এর ফাইন্যান্স কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিত কুমার রায় এবং কর্মশালার মডারেটর মোছা. তাসনিমা সিদ্দিকা।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা যুবদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।