তাড়াশ পৌর বাজারের বহুল প্রত্যাশিত সড়কের ঢালাই কাজের উদ্বোধন, স্বস্তি ব্যবসায়ী ও পথচারীদের
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগের অবসান ঘটাতে সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাজারের গুরুত্বপূর্ণ একটি সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী, পৌরসভার সচিব তায়েব আলী, প্রকৌশলী মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌর বাজারে পূর্ব দিক থেকে প্রবেশের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পৌর কর্তৃপক্ষ সড়কটি ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ৭১ মিটার দৈর্ঘ্যের এ সড়কের ঢালাই কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা। কাজটি সম্পন্ন হলে বাজারের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, “একটি মানসম্মত সড়ক শুধু যোগাযোগ সহজ করে না, স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের গতিও বৃদ্ধি করে। এ কাজ শেষ হলে পৌর বাজারে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি প্রতিদিন এ পথে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “জনগণের জীবনমান উন্নয়নে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।”
সড়কের ঢালাই কাজ শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত কাজ সম্পন্ন হলে বাজার এলাকার দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন তারা।