ভালুকায় এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও সংবর্ধনা
কানন মন্ডল, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় ভালুকায় বিশেষ দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ্যাপোলো ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে এবং তাদের আগামীর পথচলাকে আরও সমৃদ্ধ করতে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাপোলো ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো. ফিরোজ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মূল চাবিকাঠি হলো সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। তোমাদের শুধু পরীক্ষায় ভালো করলেই চলবে না, বরং একজন আদর্শ, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে তোমাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন মাসুদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এ্যাপোলো ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আজমল হোসেন ফারুক।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষায় তাদের অভূতপূর্ব সাফল্য কামনা করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে।