নড়াইলে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার
স্টাফ রিপোর্টার, | নড়াইল
নড়াইলের নড়াগাতী থানায় ১১ বছর বয়সী এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক মোল্যা ওই গ্রামেরই মৃত আবু বক্কর মোল্যার ছেলে।
গত ১৫ জুন সোমবার ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন রোববার সকালে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির অদূরে পাটখেতের পাশে তাল কুড়াতে যায়। এসময় পাটখেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। সুযোগ বুঝে সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যান এবং তার সাথে থাকা ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সাথে বেঁধে রাখেন। এরপর বৃদ্ধ সিদ্দিক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত সিদ্দিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর আইন-আদালতের আশ্রয় নিলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জেল খাটানোর হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশের বক্তব্য:
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ তৎপর হয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সিদ্দিক মোল্যাকে গ্রেফতার করেছে।”
ওসি আরও জানান, আটক আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।