খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও সাংগঠনিক প্রভাব নিয়ে ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থানে আসলে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। স্থানীয়দের দাবি, এই গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন এবং ভয়ে অনেক পরিবার নিজ নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে অবরুদ্ধ হয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বা তারা কোন সংগঠনের সদস্য ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হবে।