জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি এবং বেইমানি করছে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও সরকার তা এখনো কার্যকর করেনি। তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বাজেটে তার প্রতিফলন দেখা যায়নি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা থেকেই সারাদেশে মাদক ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ তুলে তিনি মাদক কারবারিদের দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান।
মহাসমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। সারাদেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাম্রাজ্য অচিরেই নির্মূল করার দাবি জানান তিনি।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ না করলে তাদের মধ্যে মতপার্থক্য থাকবে না। তিনি আরও বলেন, বিএনপি কোনো ভালো কাজ করলে যেমন প্রশংসা করার মানসিকতা থাকতে হবে, তেমনি রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে কোনো কাজ করলে তার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহসও থাকা প্রয়োজন।
উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে এই জুলাই পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দসহ এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।