বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো বায়ুদূষণের কবলে পড়েছে ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২১তম। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ৭৬, যা মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় এদিন শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান স্কোর ১৮২, যার অর্থ সেখানকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬০ এবং তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৫৬। এছাড়া ১৪১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো এবং ১২৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।
বৈশ্বিক বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।