প্রধানমন্ত্রী মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে তিনি প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি তিনি সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল ও সমরাস্ত্রের ব্যবহারের মতো বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের খোঁজখবর নেন। মহড়ার একপর্যায়ে তিনি সেনাসদস্যদের জন্য তৈরি খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করে দীর্ঘ সময় মাঠে অতিবাহিত করেন।
সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।