জয়পুরহাটে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন পাঁচবিবি উপজেলার অটোরিকশা চালক তৌহিদ হোসেন। অপর নিহত ব্যক্তি একজন নারী, যার বাড়িও পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন শেফালী, বাসন্তী ও কেশোমনি। তাদের সবার বাড়িও বীরনগর গ্রামে। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পথে বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও ওই নারী যাত্রী নিহত হন। অটোরিকশার বাকি যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।