পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি। ব্রাজিলের এই বিদায়ে খুশি হয়েছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। স্কাই জার্মানিতে প্রকাশিত নিজের কলামে তিনি সরাসরি জানিয়েছেন, ব্রাজিলের বিদায়ে তিনি আনন্দিত এবং তাদের অবিরাম অভিযোগ ও অঙ্গভঙ্গি আর সহ্য করা সম্ভব নয়।
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের আচরণের কঠোর সমালোচনা করে ম্যাথাউস বলেন, শেষ দিকে পাওয়া পেনাল্টির সময় নেইমারের কর্মকাণ্ড দলের জন্য বড় সমস্যার ইঙ্গিত দিয়েছে। তিনি উল্লেখ করেন, পেনাল্টিটি দ্রুত নেওয়ার পরিবর্তে নেইমার শট নেওয়ার আগে ও পরে গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। এই ঘটনা থেকেই স্পষ্ট যে, নেইমার দলের সাফল্যের চেয়ে নিজের অহংকারকেই বেশি প্রাধান্য দেন।
উল্লেখ্য, ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট নিয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শেষ করছেন নেইমার। দেশের হয়ে চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এই তারকা ফরোয়ার্ড ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছেন।