মিশরের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই রোমাঞ্চকর জয়ের পর লিওনেল মেসি মাঠেই কেঁদে ফেলেছিলেন, আর সেই আবেগ ছুঁয়ে গিয়েছিল কোচ লিওনেল স্কালোনিকেও। সাধারণত ফুটবল মাঠে স্কালোনিকে খুব একটা আবেগপ্রবণ দেখা যায় না। গোল হজম করলেও তিনি নিরাসক্ত মুখে কৌশলী পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দেন।
তবে মিশর ম্যাচের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন এই কোচ। তিনি স্বীকার করেছেন যে তিনি স্বভাবগতভাবেই বেশ আবেগপ্রবণ। স্কালোনি জানান, ড্রেসিংরুমে খেলোয়াড়রা তাকে ভালোবেসে ‘কাঁদুনে বাবু’ বলে ডাকেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে যাই। কখনো কখনো চোখের পানি চলে আসে। আজও ড্রেসিংরুমে চোখের পানি এসেছিল। ছেলেরা তো আমাকে “কাঁদুনে বাবু” বলে ডাকে, তবে আমার তাতে কিছু যায় আসে না।’
নিজের এই আবেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করেন। স্কালোনি বলেন, ‘আমরা যারা ২০ বছর ধরে ফুটবল খেলেছি, তাদের জন্য আজকের মতো অনুভূতি আবার ফিরে পাওয়াটা অবিশ্বাস্য। আমার মনে হয়, যারা ফুটবল খেলেছেন, তাদের বেশিরভাগ কোচ হন এমন দিনগুলোর জন্যই, এই আবেগ আর উত্তেজনার জন্যই।’