চলমান বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে ডান হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা। সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচের পর আর মাঠে ফেরা হয়নি ২৪ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই তারকার।

বেলজিয়াম দলের চিকিৎসক ব্রাহিম হাসেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল পরীক্ষায় আমাদুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। এটি তার ব্যক্তিগত ক্যারিয়ার এবং দলের জন্য অত্যন্ত হতাশাজনক একটি সংবাদ।

চিকিৎসক আরও জানান, আমাদুর দ্রুত সেরে ওঠার সর্বোত্তম উপায় নির্ধারণের লক্ষ্যে তারা অবিলম্বে খেলোয়াড় এবং তার ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা শুরু করেছেন। আগামী দিনগুলোতে যৌথভাবে তার চিকিৎসা ও পুনর্বাসনের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আমাদু ওনানা অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তার সতীর্থদের সঙ্গেই উত্তর আমেরিকায় অবস্থান করবেন। লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী রাউন্ডের লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন।