ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) কর্তৃক প্রকাশিত সর্বশেষ গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় ঢাকার বাসযোগ্যতার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
তালিকায় ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ঢাকা ১৭১তম অবস্থানে রয়েছে। এর ঠিক পেছনে অর্থাৎ ১৭২তম স্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। তালিকার একেবারে তলানিতে বা ১৭৩তম অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক, যার স্কোর ৩১ দশমিক ৬। দামেস্ক ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ঢাকার ঠিক ওপরে অর্থাৎ ১৭০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, যার স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এছাড়া শীর্ষ ১০ শহরের মধ্যে নবম স্থানে রয়েছে কানাডার ভ্যাঙ্কুভার এবং দশম স্থানে রয়েছে জাপানের টোকিও।
প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরের পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয়েছে। যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ওমানের মাস্কাট ১৪ ধাপ পিছিয়ে ১২৩তম স্থানে নেমে এসেছে। এছাড়া কাতার, দুবাই এবং আবুধাবির অবস্থানও আগের চেয়ে নিচে নেমেছে। অন্যদিকে, সরকারি বিনিয়োগের ফলে চীনের শহরগুলোতে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটলেও পরিবেশগত চ্যালেঞ্জ এবং কঠোর নজরদারির কারণে সামগ্রিক র্যাংকিংয়ে তারা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।