অর্থ পাচার প্রতিরোধ আইনে ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নূরে আলম ভূঞা এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। রায়ে বিচারক উল্লেখ করেন, অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলায় অভিযুক্ত অপর আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার উদ্দেশ্যে গোপনে হেফাজতে রাখার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট তদন্ত কর্মকর্তা এনু, রুপন এবং তাদের আট সহযোগীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ একই আইনে করা মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন। সেই রায়ে তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছিল।

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৪: ৪১আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪: ৪৪