দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মারা যাওয়া ৭৪৫ জনের মধ্যে ৯৩ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৬৫২ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন, যাদের মধ্যে ৮৭ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১০৬ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।