ইরানের সঙ্গে স্বাক্ষরিত অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে নতুন করে হামলা চালানোর পর এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প মার্কিন আলোচকদের উদ্দেশ্যে বলেন, তারা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে তার মতে এতে কেবল সময়ের অপচয় হচ্ছে। সেই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন শান্তিচুক্তিটি এখন আর কার্যকর নেই বলেও ইঙ্গিত দিয়েছেন।
মার্কিন বাহিনীর সাম্প্রতিক এই হামলায় বন্দর আব্বাসসহ ইরানের মোট ৮০টি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এয়ারলাইন্সগুলোকে ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। এদিকে আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে জড়ো হয়েছেন ইউরোপীয় শীর্ষ নেতারা।
অন্যদিকে, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্পের এই ধরনের হুমকি তার স্বাভাবিক আচরণেরই বহিঃপ্রকাশ।