রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়িত হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালটি ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ কাজটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, শেডের ছাদের জন্য ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট স্থাপন, ১২০টি টিকিট কাউন্টার নির্মাণ, ৩২টি টয়লেট নির্মাণ এবং টিকিট কাউন্টার ও চারপাশে পার্টিশনসহ বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।