মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে ম্যাচজুড়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারির ভূমিকা নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, সত্যি বলতে, রেফারিং ছিল অসাধারণ। মাঠের প্রতিটি সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। তিনি প্রশ্ন রাখেন, আপনারাই বলুন কোন সিদ্ধান্তটি রেফারি ভুল নিয়েছেন? প্রতিটি সিদ্ধান্ত নিয়েই আমি খুশি।
ম্যাচটিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে মিশরের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলা হয়েছিল। বিশেষ করে আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মেদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছে বলে দাবি করে মিশর। যদিও রিপ্লেতে দেখা গেছে, নিকোলাস ট্যাগলিয়াফিকোর পা সালাহর পায়ে লাগার আগেই বলে স্পর্শ করেছিল। এছাড়া ম্যাচের আগে মিশরের একটি গোল বাতিল করা হয়েছিল, কারণ আক্রমণ শুরুর মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করা হয়েছিল।
নিজেদের পারফরম্যান্স ও পেনাল্টি মিস নিয়ে মেসি বলেন, ম্যাচের পর আমি প্রচণ্ড তৃপ্তি অনুভব করেছি। পেনাল্টি নষ্ট করার পর নিজের ওপরই খুব রাগ হচ্ছিল। যেভাবে শট নিয়েছিলাম তা একেবারেই ঠিক ছিল না। মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি দলকে ডুবিয়ে দিচ্ছি। তবে দিনশেষে ঈশ্বর আমার জন্য ভালো কিছু লিখে রেখেছিলেন। সমতা ফেরানোর গোলটি করতে পেরে আমি যে শান্তি ও আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।