কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসের ঘটনায় মেয়েদের একটি হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে। ঘটনার সময় সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ৫ জনই মারা গেছেন।

ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।