পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন।
নিরাপত্তা সূত্র অনুযায়ী, একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মাত্র একদিন আগেই জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের পৃথক এক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি (CPEC)-এর জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে প্রদেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে।