কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ৮ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে। ভারী বর্ষণের সময় পাহাড়ের একটি বড় অংশ ধসে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর পড়ে। সে সময় মক্তবের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। পাহাড়ধসের পর পরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ১৪ এপিবিএনের সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানের বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ভারী বৃষ্টির কারণেই পাহাড়ধসের ঘটনাটি ঘটেছে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং এ পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।