নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এই ভরাডুবির পর সেলেসাওদের বহনকারী বিমানটি রিও ডি জেনিরোতে অবতরণ করলেও পুরো দলের মধ্যে মাত্র একজন খেলোয়াড় দেশে ফিরেছেন। তিনি হলেন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো লুইজ, যিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন।

বিমানবন্দরে নামার পর দানিলো ভিআইপি লাউঞ্জ দিয়ে না বেরিয়ে সাধারণ টার্মিনাল দিয়ে বাইরে আসেন। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার হতাশায় তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোনো সাক্ষাৎকার দেননি। বিমানটিতে দানিলোর সাথে এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর হুয়ানও ছিলেন। দলের বাকি খেলোয়াড়রা ইউরোপেই থেকে গেছেন, কেউ ছুটি কাটাচ্ছেন আবার কেউবা নিজ নিজ ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় রদ্রিগো কায়েতানো বর্তমান কোচিং প্যানেলের ওপর আস্থা রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, সিবিএফ আগামী বিশ্বকাপের নতুন চক্রের জন্য কোচ কার্লো আনচেলত্তির প্যানেলকে দায়িত্বে রেখেই কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। কায়েতানোর মতে, এটি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে এবং গত বিশ্বকাপের মতো অস্থিরতা এড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শেষ ১৬ থেকে বিদায় নেওয়াটা প্রত্যাশার চেয়ে অনেক নিচে হলেও সামগ্রিক মূল্যায়ন ইতিবাচক। তিনি উল্লেখ করেন, এই বিশ্বকাপে অনেক তরুণ খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছে এবং নিজেদের প্রমাণ করেছে। সিবিএফ এখন সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচগুলো নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করতে চায়। কায়েতানো স্পষ্টভাবে জানান, যদি কাজের সামগ্রিক মূল্যায়ন ইতিবাচক না হতো, তবে আনচেলত্তিকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হতো না।